দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনায় আঘাত হানতে সক্ষম এমন অস্ত্র তৈরি করেছে ইরান। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) এক জ্যেষ্ঠ উপদেষ্টা এ দাবি করেছেন। তিনি বলেন, ‘ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোর পাল্লা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনায় আঘাত হানার জন্য যথেষ্ট।’
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল আলামের বরাতে এ তথ্য জানা গেছে।
আইআরজিসির মহাকাশ বাহিনীর প্রধানের জ্যেষ্ঠ উপদেষ্টা আলী রেজা বালালি বলেন, নতুন করে ইরানে হামলা চালানো হলে যুক্তরাষ্ট্রকে সহায়তা করা যেকোনো দেশ বা বাহিনীকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করতে পারে ইরান।
বালালি আরও বলেন, নিজস্ব প্রযুক্তিতে তৈরি অস্ত্র ব্যবহার করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনায় আঘাত হানার সক্ষমতা রয়েছে ইরানের।
তার ভাষ্য, ‘আমাদের ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোর পাল্লা যথেষ্ট। নিজস্ব অস্ত্র ব্যবহার করে জায়নবাদী শাসকগোষ্ঠী ও যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে আঘাত হানা সম্ভব।’
ইরানের এই উপদেষ্টার দাবি, এর আগে দেশটির ক্ষেপণাস্ত্র ইসরায়েলের নেগেভ ও ডিমোনা অঞ্চলে সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা এসব ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম নয় বলেও দাবি করেন তিনি।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন শেষ হওয়ার পর ইরানে নতুন করে মার্কিন হামলার আশঙ্কায় সতর্ক অবস্থানে রয়েছে উপসাগরীয় দেশগুলো। একই সঙ্গে ইরানের পাল্টা হামলার আশঙ্কাও তৈরি হয়েছে। তেহরান পাল্টা হামলা চালালে ওই অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্যবস্তু হতে পারে বলে উদ্বেগ রয়েছে।
সূত্র: আল-জাজিরা
/অ